আসানসোল: শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিল আসানসোল পুরনিগম। শহরকে ট্রাফিক জ্যামমুক্ত করতে অবৈধ দখল উচ্ছেদের অভিযান আরও জোরদার করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গেছে, আগামী সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাটন রোড এলাকায় বিশেষ অভিযান শুরু হবে।
প্রশাসন সূত্রে খবর, হাটন রোড মোড় থেকে শুরু করে স্মাইল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, অফিস এবং অন্যান্য দখলদারিত্ব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের দখল সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এই ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও একাধিকবার এই এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন প্রশাসনিক ও অন্যান্য কারণে সেই অভিযান স্থগিত হয়ে যায়।

তবে এবার আর পিছিয়ে আসতে নারাজ পুরনিগম। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। ট্রাফিক পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। পাশাপাশি, রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে হাটন রোড এলাকায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবৈধ দখল সরানো হলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এখন দেখার বিষয়, সোমবারের এই অভিযান কতটা সফল হয় এবং শহরের যানজট সমস্যার সমাধানে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে।


