“ক্ষমতা বদলেছে, দাদাগিরি নয়!” আবার উত্তাল জামুড়িয়া; তারা কোলিয়ারিতে কয়লা উৎপাদন বন্ধ

পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার চুরুলিয়া এলাকায় অবস্থিত তারা কোলিয়ারিতে শুক্রবার রাজনৈতিক বিক্ষোভের জেরে আবারও কয়লা উৎপাদন ও পরিবহণ ব্যাহত হয়। স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা দলীয় পতাকা নিয়ে খনির গেটে পৌঁছে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, খনিতে বেছে বেছে তৃণমূল কংগ্রেস সমর্থকদেরই কাজ দেওয়া হচ্ছে, আর বিজেপি সমর্থকদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ ঘিরে খনির গেটে তীব্র স্লোগানবাজি হয়।

বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য কয়লা উত্তোলন ও পরিবহণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ধীরে ধীরে কাজ স্বাভাবিক হয়।

তারা কোলিয়ারি রাজ্য সরকারের সংস্থা ডব্লিউবিপিডিসিএল (WBPDCL)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনকাস্ট খনি হিসেবে পরিচিত। এখান থেকে প্রতিদিন রাজ্যের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করা হয়। ফলে বারবার উৎপাদন ও পরিবহণ ব্যাহত হলে কয়লা সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, যেই ক্ষমতায় থাকুক না কেন, খনির গেটে দলীয় পতাকা টাঙিয়ে কাজ বন্ধ করার রাজনীতি নতুন নয়। আগে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠত, আর এখন বিজেপির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ সামনে আসছে।

বর্তমানে পুলিশ ও সংস্থার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং তারা কোলিয়ারিতে কয়লা উৎপাদন ও পরিবহণ আবার শুরু হয়েছে।

Leave a comment