চিনাকুড়ি: পশ্চিম বর্ধমানের চিনাকুড়ি ১, ২ ও ৩ নম্বর পিটস কোলিয়ারি এলাকায় স্থানীয় কর্মসংস্থান নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সমষ্টা গ্রাম কমিটি ইনোভেটিভ মাইনিং প্রোজেক্ট প্রাইভেট লিমিটেড (এমডিও)-এর কর্তৃপক্ষের কাছে একটি কড়া নোটিস পাঠিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে—দাবি না মানলে ১৬ জুন ২০২৬ থেকে শুরু হবে জোরদার আন্দোলন।
কমিটির অভিযোগ, কোলিয়ারিতে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ জন শ্রমিক কাজ করলেও তাদের মধ্যে মাত্র ২৯ জন স্থানীয়। অধিকাংশ শ্রমিকই রাজ্যের বাইরে থেকে আনা হয়েছে। এমনকি কিছু শ্রমিককে প্রতিদিন ডবল শিফটে কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, যা শ্রমিক অধিকার লঙ্ঘনের সামিল বলে মনে করছেন স্থানীয়রা।
নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, আগে এই কোলিয়ারিতে ৫৫ জন স্থানীয় শ্রমিক কাজ করতেন। কিন্তু ধীরে ধীরে তাঁদের সংখ্যা কমিয়ে এখন মাত্র ২৯ জনে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে নতুন করে বহিরাগত শ্রমিক নিয়োগ করা হচ্ছে বলে দাবি কমিটির।
সমষ্টা গ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়টি নিয়ে বহুবার লিখিতভাবে এবং আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
এই পরিস্থিতিতে কমিটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি অবিলম্বে স্থানীয়দের দাবিগুলি পূরণ না করা হয়, তবে ১৬ জুন থেকে কোলিয়ারির সমস্ত খনন কাজের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হবে, যা উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে।
কমিটির মূল দাবিগুলির মধ্যে রয়েছে—খনি প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমি ও বাড়ির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, ৯০ শতাংশ স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার, সরকারি নিয়ম অনুযায়ী মজুরি প্রদান, সমস্ত শ্রমিকের জন্য ক্যান্টিন সুবিধা, শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্য পরিষেবা এবং এলাকায় জনশুনানির আয়োজন।
এছাড়াও বহিরাগত শ্রমিকদের সরিয়ে স্থানীয়দের নিয়োগ, এবং কোলিয়ারি এলাকার ৫ কিলোমিটার পরিসরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর দাবিও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের বঞ্চনার জেরে এই আন্দোলন এবার বড় আকার নিতে পারে। এখন দেখার, প্রশাসন ও কোম্পানি কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

