আসানসোল :
আসানসোলের সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি বালাজি গ্লাস ফ্যাক্টরির গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে আচমকাই গোডাউনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে।
ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন যাতে কারখানার অন্য অংশে ছড়িয়ে না পড়ে, সেজন্য চারদিক ঘিরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
কারখানা সূত্রে জানা গেছে, গোডাউনে বিপুল পরিমাণ কাচের সামগ্রী প্যাক করার কার্টুন মজুত ছিল, সেগুলিতেই মূলত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রচুর পরিমাণে কার্টুন ও কাঁচের সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও শ্রমিক বা কর্মচারীর হতাহতের খবর নেই।
ঘটনার পর থেকে গোটা দেন্দুয়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা শিল্পাঞ্চলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।














