সন্ধ্যা নামতেই কলকাতায় অপরাধীদের তাণ্ডব, রবীন্দ্র সরোবর থানার কাছে গুলি-বোমাবাজি

single balaji

কলকাতা:
সন্ধ্যা নামতেই কলকাতায় ফের অপরাধীদের দাপট। রবিবার সন্ধ্যায় শহরের ব্যস্ত গোলপার্ক এলাকা, যা রবীন্দ্র সরোবর থানার অধীন, সেখানে ঘটে গেল গুলি ও বোমাবাজির ভয়াবহ ঘটনা। আচমকা এই হিংসাত্মক ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কাঁকুলিয়া রোডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাং। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তবে অভিযোগ, দুষ্কৃতীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গোলপার্কের কাছে পঞ্চাননতলা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে পিকনিকের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যার দিকে সেই অনুষ্ঠান ঘিরেই দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই মুখে রুমাল বাঁধা প্রায় ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে।

এরপর শুরু হয় এলোপাথাড়ি গুলি চালানো, বোমা ছোড়া এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি ও স্থানীয় বাসিন্দাদের মোটরবাইকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দুষ্কৃতীরা ইট-পাথর ছুড়েও তাণ্ডব চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিের খোসা ও বোমার সুতলি উদ্ধার করেছে। একাধিক জায়গায় রক্তের দাগও মিলেছে।

এই হিংসাত্মক ঘটনায় কমপক্ষে দু’জন গুরুতর জখম হয়েছেন। জখমদের মধ্যে গণেশ দাসের বুকে গুলি লেগেছে, অন্যদিকে সন্ত সিংয়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে। দু’জনকেই ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

এলাকাবাসীরা সোনা পাপ্পুর গ্যাংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, গত গণেশ পুজোর সময়ও এই একই গ্যাং এলাকায় তাণ্ডব চালিয়েছিল। স্থানীয়দের আরও অভিযোগ, থানা এত কাছে থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর জানান, পিকনিক সংক্রান্ত একটি বিবাদ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। ডেপুটি কমিশনার ভোলানাথ পাণ্ডে জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি গোলপার্ক ও কসবা এলাকায় তল্লাশি অভিযান চলছে। ঘটনার পর গোটা এলাকায় ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ghanty

Leave a comment