বার্নপুর: কেন্দ্র সরকারের প্রস্তাবিত চারটি শ্রম কোড কার্যকর করার প্রতিবাদে আগামীকাল দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। তবে এই ধর্মঘট থেকে নিজেদের সম্পূর্ণভাবে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC।
মঙ্গলবার বার্নপুরের টানেল গেটের সামনে INTTUC-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বহু কর্মী-সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে INTTUC নেতা উৎপল সেন স্পষ্ট ভাষায় জানান, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী INTTUC কোনও প্রকার ধর্মঘটের পক্ষে নয়।
তিনি বলেন, “আমরাও কেন্দ্রের চার শ্রম কোডের কিছু বিষয়ের বিরোধিতা করি। তবে ধর্মঘটকে আমরা সঠিক পথ বলে মনে করি না। শ্রমিকদের স্বার্থ রক্ষার লড়াই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়েই হওয়া উচিত।”
উৎপল সেন আরও জানান, রাজ্যের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সেই কারণে সংগঠনের পক্ষ থেকে সকলকে ধর্মঘটে অংশ না নেওয়ার আবেদন জানানো হচ্ছে। একইসঙ্গে প্রশাসনও নজর রাখবে যাতে কাউকে জোর করে ধর্মঘটে সামিল করা না হয়।
রাজনৈতিক মহলের মতে, এই অবস্থান রাজ্যের শিল্পাঞ্চলগুলিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আসানসোল-বার্নপুর শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানা ও খনি অঞ্চলে ধর্মঘটের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে INTTUC-এর এই ঘোষণার পর পরিস্থিতি অনেকটাই স্পষ্ট হয়েছে।
চার শ্রম কোড নিয়ে দেশজুড়ে বিতর্ক চললেও পশ্চিমবঙ্গে শাসকদলের শ্রমিক সংগঠনের এই আলাদা অবস্থান আগামী দিনের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখন দেখার, আগামীকাল ধর্মঘটের ডাকে শিল্পাঞ্চলে কী প্রভাব পড়ে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার কতটা প্রভাব দেখা যায়।











