চিত্তরঞ্জন, ২৩ জুন |
চিত্তরঞ্জনের কর্নেল সিং পার্কে এক যুবতী ও তার সঙ্গীর সঙ্গে প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২১ জুন সন্ধ্যায় রূপনারায়ণপুর থেকে আসা ওই যুবতী ও তাঁর সঙ্গীকে চার যুবক নিজেদের সিভিক পুলিশ পরিচয় দিয়ে আটকায়।
অভিযোগ, তারা মেয়েটির মোবাইল ছিনিয়ে নেয় এবং বলে, যদি ঝামেলা এড়াতে চাও, তাহলে ₹৫০,০০০ দিতে হবে। ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে তারা।
👮♂️ অভিযোগ দায়ের, তড়িঘড়ি চার অভিযুক্ত গ্রেপ্তার
ঘটনার পরে যুবতী ও তাঁর সঙ্গী চিত্তরঞ্জন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত চার যুবককে দ্রুত গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুইজন চিত্তরঞ্জন কেজি হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মী।
আজ চারজনকেই আসানসোল কোর্টে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনার পেছনে কোনো বড় চক্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
📢 স্থানীয়দের ক্ষোভ, নিরাপত্তা জোরদারের দাবি
এ ঘটনার পর কর্ণেল সিং পার্কে ভয়ে কেউ যেতে চাইছেন না। এলাকাবাসীরা পার্কে সিসিটিভি স্থাপন ও নিয়মিত পুলিশি টহল চালানোর দাবি তুলেছেন।










