অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা, অমরাবতী কলোনিতে বুলডোজার চালাল দুর্গাপুর পুরসভা

single balaji

দুর্গাপুর: শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দুর্গাপুর পুরসভা। শুক্রবার সকালে দুর্গাপুর পুরসভার উদ্যোগে ২৫ নম্বর ওয়ার্ডের অমরাবতী কলোনিতে কড়া অভিযান চালানো হয়। এই অভিযানে মোট দুটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রথম ঘটনায়, অমরাবতী কলোনির একটি হোটেলে কোনও অনুমতি ছাড়াই নির্মিত স্টোররুম ও বাথরুম পুরসভার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ওই নির্মাণ কাজ চালানো হয়েছিল।

এছাড়াও, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সায়েন্স স্কুল ভবনের পিছনে থাকা আরেকটি অবৈধ নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়। পুরসভার দাবি, সংশ্লিষ্ট নির্মাণটি শহরের পরিকল্পনা আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল।

অভিযান চলাকালীন কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার একাধিক আধিকারিক। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুরসভা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, শহরের সৌন্দর্য ও পরিকল্পিত উন্নয়ন বজায় রাখতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও চলবে। অনুমতি ছাড়া গড়ে ওঠা যে কোনও নির্মাণই আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ghanty

Leave a comment