জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:
দিনের আলোয় মাত্র কয়েক মিনিটের মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল জামুড়িয়া থানার অন্তর্গত চিচুড়িয়া অঞ্চলের সিদ্ধপুর গ্রামের নাপিত পাড়ায়। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা নাগাদ একটি গৃহস্থের বাড়ি থেকে নগদ অর্থ ও প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনার গহনা চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, সিদ্ধপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত মণ্ডল দুপুরের সময় বাড়ির স্নানঘরে যান। সেই সময় বাড়িতে থাকা তাঁর স্ত্রী এবং ছোট ছেলের বৌ টিনা মণ্ডল ব্যক্তিগত কারণে পাশের এক প্রতিবেশীর বাড়িতে যান। বাড়ির কর্তা যখন স্নানঘরে এবং পরিবারের অন্য দুই সদস্য বাইরে, ঠিক সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা।
ঘরের ভিতরে ঢুকে আলমারি ভেঙে তছনছ চালানো হয় বলে অভিযোগ। টিনা মণ্ডল জানান, প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে এসে তাঁরা দেখেন বাড়ির ভিতর সম্পূর্ণ লন্ডভন্ড। নিচতলা ও উপরতলার আলমারি খোলা অবস্থায় ছিল। এরপর খোঁজ নিয়ে জানা যায়, শাশুড়ির সোনার গয়না, নিজের ও ভাসুরের রাখা গহনা মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনা এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
সবচেয়ে চাঞ্চল্যের বিষয়, দিনের আলোয় মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই এই চুরির ঘটনা ঘটে বলে দাবি পরিবারের। এই ঘটনায় শুধু ওই পরিবারই নয়, আশপাশের প্রতিবেশীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একাধিক চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন স্থানীয়রা।














