আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকায় পুলিশের তৎপরতায় বড় সাফল্য। গোপন সূত্রের খবর পেয়ে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ডুবারডিহ চেকপোস্টে অভিযান চালিয়ে গবাদি পশু বোঝাই একটি ট্রাক আটক করে। ট্রাকটিতে মোট ১৫টি গবাদি পশু ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে সঙ্গে সঙ্গেই ট্রাকসহ সমস্ত পশু বাজেয়াপ্ত করা হয় এবং চালক ধর্মেন্দ্র কুমার ও খালাসি হরেকৃষ্ণ সিংহকে গ্রেফতার করা হয়।
বুধবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। সেই কারণেই অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, গবাদি পশুগুলি বিহার থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই পরিবহণ বৈধ ছিল কিনা এবং এর পিছনে কোনও পাচার চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের মতে, এই রুটে আগে থেকেও সন্দেহজনক ট্রাক চলাচলের অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা গিয়েছে।

