বিহার দিবস উপলক্ষে আসানসোলের বর্ণপুরে ছট পূজা কমিটির সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে এই দিনটি উদযাপন করল বিজেপি।
বিহার ও বাংলার সম্পর্ক নিয়ে আশাবাদী বিজেপি সাংসদ
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিহারের মধুবনী লোকসভার সাংসদ ডঃ অশোক কুমার যাদব। সভার পর সাংসদ অশোক কুমার যাদব বলেন, বিহারের প্রায় দুই কোটি মানুষ কাজের সূত্রে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বসবাস করছেন। তিনি আরও বলেন, “বিহার ও বাংলার সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য। বাংলার অর্থনৈতিক অগ্রগতিতে বিহারের শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

অগ্নিমিত্রা পালের বিস্ফোরক অভিযোগ – ‘হিন্দিভাষীদের উপর অত্যাচার!’
যেখানে বিজেপি সাংসদ বিহার ও বাংলার সম্পর্কের প্রশংসা করলেন, সেখানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সম্পূর্ণ ভিন্ন সুরে আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, “এই রাজ্যে হিন্দিভাষীদের ওপর পরিকল্পিত অত্যাচার চলছে। এমনকি ভোটার তালিকা থেকেও তাদের নাম বাদ দেওয়া হচ্ছে!”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপদের মুখে। বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে এবং এবার হিন্দিভাষী মানুষদের ভোটাধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।”
তৃণমূল কংগ্রেসের কটাক্ষ – ‘বাইরের নেতাদের উপর নির্ভর করছে বিজেপি’

এই সভার পর তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপির উপর তীব্র কটাক্ষ হানে। তৃণমূল নেতা অশোক রুদ্র বলেন, “বিজেপির রাজ্য নেতাদের প্রতি আস্থা নেই তাদের নিজস্ব কর্মীদের। তাই বাইরে থেকে নেতা ও মন্ত্রী এনে জনসভা করতে হচ্ছে।”
তৃণমূলের অভিযোগ, বাংলার রাজনীতি বুঝতে ব্যর্থ হচ্ছে বিজেপি। তাই তারা ‘বিহার দিবস’-এর মতো অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।










