আসানসোল : আসানসোল পুরনিগমে কর্মরত সাফাইকর্মীদের লাগাতার ধর্মঘটের জেরে কার্যত নোংরায় ঢেকে গিয়েছে গোটা শহর। বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট, নিকাশি নালা ও আবাসিক এলাকায় জমে উঠেছে আবর্জনার স্তূপ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং স্বাস্থ্যঝুঁকি নিয়েও বাড়ছে আশঙ্কা।
এই পরিস্থিতি নিয়ে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, সাফাইকর্মীদের একাধিকবার অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা কাজ চালু রাখেন এবং একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। কিন্তু সেই আবেদন মানা হচ্ছে না, যার ফলে শহর ক্রমেই আরও নোংরা হয়ে উঠছে।
চেয়ারম্যান বলেন, “আমাদের বাড়ির সামনে যেমন আবর্জনা জমছে, তেমনই ওদের বাড়ির সামনেও নোংরা পড়ে আছে। এই পরিস্থিতি কারও জন্যই ভালো নয়। আমরা বলেছিলাম, আলোচনায় বসুন, কিন্তু ধর্মঘটে যাবেন না। কারণ ‘নো ওয়ার্ক, নো পে’ নিয়ম যে প্রযোজ্য, সেটা ওরাও জানেন।”
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে পুরনিগমও স্বস্তিতে নেই। তবুও এখনও সাফাইকর্মীদের কাছে আবেদন জানানো হচ্ছে, যাতে তাঁরা ১০ থেকে ১৫ দিনের সময় দেন। এই সময়ের মধ্যেই সরকারি নিয়ম মেনে যেসব দাবি বাস্তবায়নযোগ্য, সেগুলি পূরণ করার চেষ্টা করা হবে।
পুরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ডেঙ্গি, ম্যালেরিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষ দ্রুত সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন। এখন দেখার, আলোচনার মাধ্যমে কবে এই অচলাবস্থা কাটে এবং কবে স্বাভাবিক হয় আসানসোলের সাফাই ব্যবস্থা।











