আসানসোল: প্রশাসনিক ব্যবস্থার বড়সড় গাফিলতির ছবি সামনে এল আসানসোল পুরনিগমের কালীপাহাড়ি এলাকার গুদামে। হঠাৎ পরিদর্শনে এসে মন্ত্রী অগ্নিমিত্রা পাল যে দৃশ্য দেখলেন, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পরিদর্শনের সময় মন্ত্রী লক্ষ্য করেন, গুদামে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল পরিমাণ ত্রিপল ও অন্যান্য জরুরি সামগ্রী ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ করেন, যেসব মানুষ এই সামগ্রীর প্রকৃত উপভোক্তা হওয়ার কথা ছিল, তারা এর কোনও সুবিধাই পাননি।
শুধু তাই নয়, একাধিক ডাস্টবিনও ভাঙা ও অচল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যা শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলে দেয়। একইসঙ্গে আবর্জনা সংগ্রহের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি বড় গাড়িও দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় গুদামে পড়ে রয়েছে।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের সরকারি সম্পদের অপচয় কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সাধারণ মানুষের অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, “স্বচ্ছ ভারত, গ্রীন আসানসোল এবং ক্লিন আসানসোল” গড়ে তুলতে হলে কাজের মধ্যে স্বচ্ছতা ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। এই ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সূত্রের খবর, এই ঘটনার পর পুরনিগমের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং রিপোর্ট তলব করা হয়েছে। আগামী দিনে এই বিষয়ে বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সময়মতো এই সামগ্রীগুলি ব্যবহার করা হলে শহরের পরিকাঠামো আরও উন্নত হতে পারত। এখন সকলের নজর মন্ত্রীর পরবর্তী পদক্ষেপের দিকে।


