আসানসোল: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা ও বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলার অভিযোগে বড় পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। রাণীগঞ্জের এগ্রা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা বিবেক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার রাণীগঞ্জ এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার সকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের রাণীগঞ্জ থানায় না রেখে স্থানান্তরিত করা হয় আসানসোল দক্ষিণ থানায়। পরে কড়া নিরাপত্তার মধ্যে সেখান থেকে তাদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার সময় দু’জনকেই মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের রাণীগঞ্জ থানায় রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারত। তাই আগাম সতর্কতা হিসেবেই এই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, অশোক হেলা ও বিবেক মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার, বিরোধী কর্মীদের ভয় দেখানো, নির্বাচনের সময় হুমকি, মহিলাদের উপর অত্যাচার, মারধর এবং ভয় দেখিয়ে জমি দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত করা হবে।
বুধবার এই ঘটনা নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা না হলেও প্রশাসনের তরফে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দুই নেতাকে আদালতে পেশ করা হয়। তবে ঘটনার পর থেকেই রাণীগঞ্জ ও আশপাশের এলাকায় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে হেফাজতের আবেদন জানিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর সবার।

