পুনরায় দায়িত্ব পেয়েই ইস্তফা! পশ্চিম বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতির পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী

পশ্চিম বর্ধমান: তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই পদত্যাগ করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সূত্রের খবর, তিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে একটি হাতের লেখা পদত্যাগপত্র পাঠিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ওই চিঠিতে তিনি নিজের অসুস্থতার কথা উল্লেখ করে জানান, বর্তমান পরিস্থিতিতে জেলা সভাপতির দায়িত্ব সঠিকভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়।

দীর্ঘদিন ধরেই সংগঠনের সঙ্গে যুক্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী এর আগে পান্ডবেশ্বর ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় এবং পরে তিনি পশ্চিম বর্ধমান জেলার সভাপতির পদে দায়িত্বভার গ্রহণ করেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, স্বাস্থ্যজনিত কারণ দেখানো হলেও তাঁর এই পদত্যাগের পিছনে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতে জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।

এদিকে তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যে বাড়তে চলেছে, তা বলাই যায়।

Leave a comment