লোক ভবনে শপথ ৩৫ মন্ত্রীর! নতুন ইতিহাস গড়ল শুভেন্দু সরকারের মন্ত্রিসভা

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বড়সড় চমক দিয়ে সোমবার লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বিশাল সম্প্রসারণ করা হলো। রাজ্যপাল আর.এন. রবি ৩৫ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এর ফলে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।

শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় ‘বন্দে মাতরম্’ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব মনোজ আগরওয়ালসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মুখ্য সচিব মন্ত্রীদের নাম ঘোষণা করেন।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন তপস রায় (মানিকতলা), মনোজ উরাঁও (কুমারগ্রাম), অর্জুন সিং (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মন (ফালাকাটা), শরদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাসগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি) এবং দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)।

স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর) এবং ইন্দ্রনীল খান (বেহালা পশ্চিম)।

রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন অশোক ডিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রায় (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামী (সোনামুখী), নদিয়ারচাঁদ বাউড়ি (পাড়া), গার্গী দাস ঘোষ (কাঁদি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাঝি (আউসগ্রাম), বিরাজ বিশ্বাস (করনদিঘি), সুমনা সরকার (বালাগড়), আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি) এবং দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।

অনুষ্ঠানে অধিকাংশ মন্ত্রীই ঐতিহ্যবাহী বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবি পরে উপস্থিত হন, যা অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলে। অনেক মন্ত্রী তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন।

লোক ভবনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তাঁর সঙ্গে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু শপথ নেন এবং তাঁদের দফতর ইতিমধ্যেই বণ্টন করা হয়েছে।

এখন সবার নজর বুধবারের নবান্ন বৈঠকের দিকে, যেখানে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন হতে পারে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, এই মন্ত্রিসভা সম্প্রসারণ আগামী দিনে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে।

Leave a comment