কলকাতা/নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নিয়ে চলা জল্পনার অবসান ঘটল মঙ্গলবার সন্ধ্যায়। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পূর্বনির্ধারিত ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি। অর্থাৎ নির্ধারিত সময়সীমা আরও দু’সপ্তাহ বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং মালদা জেলায় বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ সংক্রান্ত শুনানি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। শুনানির শেষ তারিখ ছিল ৭ ফেব্রুয়ারি। সেই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় কমিশন নতুন করে সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করে। সেই বৈঠকের পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বকেয়া শুনানির প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করা হবে। এরপর সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ফাইনাল ভোটার তালিকা।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই সময়সীমা বৃদ্ধি ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন রাজ্যের রাজনৈতিক দলগুলির নজর ২৮ ফেব্রুয়ারির দিকে—চূড়ান্ত তালিকায় কত নতুন নাম যুক্ত হল, কত নাম বাদ গেল, সেটাই নির্ধারণ করবে আগামী নির্বাচনের অঙ্কে নতুন সমীকরণ।











