কয়লা কেলেঙ্কারি: আসানসোল–দুর্গাপুরে ইডির টানা হানা, আতঙ্কে কয়লা মাফিয়া

single balaji

আসানসোল–দুর্গাপুর:
কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মঙ্গলবার সকাল থেকে টানা অভিযান চালাচ্ছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। একযোগে জামুরিয়া, পাণ্ডবেশ্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ইডির রেইড শুরু হওয়ায় গোটা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক সন্দেহজনক ঠিকানায় হানা দিয়েছে ইডির দল। এরই মধ্যে রাজেশ বনসল নামে এক ব্যবসায়ীর বাড়িতেও রেইড হয়েছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি বা নিশ্চিতকরণ করা হয়নি। অভিযান ও তদন্ত প্রক্রিয়া এখনও চলছে বলে জানানো হয়েছে।

ইডির এই তৎপরতার খবর ছড়িয়ে পড়তেই কয়লা মাফিয়াদের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যেসব এলাকায় অভিযান চলছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি দেখা যাচ্ছে। স্থানীয় স্তরেও প্রশাসনিক তৎপরতা বেড়েছে।

জানা যাচ্ছে, এই অভিযানের মাধ্যমে অবৈধ কয়লা উত্তোলন, পরিবহণ ও আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নথি ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইডির নজরে রয়েছে কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত আর্থিক অনিয়ম ও বেআইনি অর্থের গতিপথ।

এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ইডির এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই ধরনের তদন্ত ও অভিযান আগামী নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

এই মুহূর্তে ইডির অভিযান অব্যাহত রয়েছে এবং গোটা ঘটনার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। আগামী দিনে কয়লা কেলেঙ্কারি নিয়ে আরও বড় তথ্য ও পদক্ষেপ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ghanty

Leave a comment