SIR হিয়ারিং নোটিসে ক্ষোভ, ঢাক–ঢোল নিয়ে কেন্দ্রে কংগ্রেস কাউন্সিলর

single balaji

আসানসোল পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তফাকে SIR কেন্দ্রে হিয়ারিংয়ের জন্য তলব করা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ পেল। হিয়ারিং নোটিসে ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর এস.এম. মুস্তফা ঢাক–ঢোল ও ব্যান্ড বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে সরাসরি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হন।

ঘটনাস্থলে পৌঁছে এস.এম. মুস্তফা অভিযোগ করেন, তিনি একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জনগণের ভোটে জয়ী হয়েছেন। তা সত্ত্বেও তাঁকে হিয়ারিংয়ের জন্য ডাকা সম্পূর্ণ অন্যায্য এবং অপমানজনক। তিনি বলেন, “কোনও মানুষের মৃত্যু হলে তার জানাজা বা অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যান্ড বাজে। আজ আমরা ব্যান্ড নিয়ে এসেছি প্রতীকী প্রতিবাদ জানাতে।”

তিনি আরও তীব্র ভাষায় নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশনের বিবেক মৃত হয়ে গেছে বলেই আজ আমাদের ঢাক–ঢোল নিয়ে SIR কেন্দ্রে আসতে হয়েছে। তাঁর দাবি, এই ধরনের পদক্ষেপ গণতন্ত্র ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানের উপর সরাসরি আঘাত।

এই ঘটনাকে ঘিরে SIR কেন্দ্রের বাইরে বেশ কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ঘটনার পর আসানসোল পুরনিগম ও SIR প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে। একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের হিয়ারিং ডাকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ghanty

Leave a comment