আসানসোল/বারাবনি:
ফেসবুকে পাকিস্তানের সমর্থনে “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান পোস্ট করে তীব্র বিতর্কের জন্ম দিল এক যুবক। আসানসোল মহকুমার বারাবনি থানার অন্তর্গত পুছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মদনপুর গ্রাম থেকে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম শরিফ মীর (৩৩)।
জানা গিয়েছে, কয়েকদিন আগে শরিফ নিজের মোবাইল ফোন থেকে ফেসবুকে পাকিস্তানের সমর্থনে বিতর্কিত পোস্ট করেন। শুধু তাই নয়, ওই যুবক ভারতের এক জাতীয় সংবাদপত্রের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
পেশায় ড্রাইভার, জামুরিয়ার একটি কারখানায় কর্মরত
পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ পেশায় একজন ড্রাইভার এবং জামুরিয়ার একটি আয়রন স্পঞ্জ ফ্যাক্টরিতে কর্মরত। তার মোবাইল ফোনটি ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে, যেখান থেকে এই পোস্ট ভাইরাল হয়েছিল। ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

আদালতে পেশ, থানার বাইরে উত্তেজনা
ঘটনার পর মঙ্গলবার পুলিশ শরিফ মীরকে আসানসোল জেলা আদালতে পেশ করে। গ্রেফতারির খবর পেয়ে সকাল থেকেই তার আত্মীয়-পরিজনেরা বারাবনি থানার বাইরে ভিড় জমাতে শুরু করে।
সোশ্যাল মিডিয়ায় নজরদারির বার্তা পুলিশের
বারাবনি থানার পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কার্যকলাপ বা উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় জাতীয় নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতির উপর আঘাত বলে মনে করছে পুলিশ প্রশাসন।













