নয়াদিল্লি:
সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’ এর সাফল্যের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সাফ জানিয়ে দিলেন – “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আর কোনওরকম দ্বিধা করবে না।” তিনি বলেন, “যদি পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হয়, তবে তা শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) নিয়েই হবে।”
প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রশংসা করে বলেন, “তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য।” তিনি জানান, ৬ মে রাত ও ৭ মে সকালবেলায় পাকিস্তানের ভিতরে থাকা জঙ্গি ঘাঁটিতে ভারত নিখুঁত হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতি করেছে।
তিনি বাহাওয়ালপুর এবং মুরিদকে-র মতো আন্তর্জাতিক জঙ্গি ঘাঁটির নাম বিশেষভাবে উল্লেখ করেন এবং বলেন, “এই কেন্দ্রগুলি ধ্বংস করে ভারত সন্ত্রাসের সদর দফতরই উচ্ছেদ করে দিয়েছে।”
প্রধানমন্ত্রী এও বলেন, পাকিস্তান দাবি করেছে যে তাদের পক্ষ থেকে কোনও সন্ত্রাসী কার্যকলাপ বা সামরিক আগ্রাসন হয়নি, সেই কারণে আপাতত ভারত তার পাল্টা পদক্ষেপ স্থগিত রেখেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এখন কড়া নজরে রাখা হবে।”
‘অপারেশন সিন্দুর’-কে তিনি দেশের মেয়েদের প্রতি উৎসর্গ করে বলেন, এটি ন্যায়ের এক অটুট অঙ্গীকার।













