বরাকর, পশ্চিম বর্ধমান:
সোমবার ভোর ৫টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাসস্ট্যান্ড চত্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও ন্যক্কারজনক ঘটনা। আসানসোল থেকে ঝাড়খণ্ডগামী একটি প্রাইভেট কারে থাকা ৫ জন মদ্যপ যুবক প্রকাশ্যে এক বাসচালককে বেধড়ক মারধর করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসস্ট্যান্ড এলাকায় ওই গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। বাসচালক সাজ্জাদ শুধুমাত্র তাদের সতর্ক করে গাড়ি সাবধানে চালাতে বলেছিলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে পাঁচজন মদ্যপ যুবক গাড়ি থেকে নেমে বাসচালক সাজ্জাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।
🙏 সাজ্জাদ হাতজোড় করে কাকুতি-মিনতি করলেও রক্ষা মেলেনি
সাজ্জাদ বারবার প্রাণভিক্ষা চাইলেও, দুষ্কৃতীরা একটিবারও দয়া দেখায়নি। এতটাই মারধর করা হয়েছিল যে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। সৌভাগ্যবশত, আশেপাশের কিছু মানুষ তাঁর আর্তনাদ শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
🚓 তিন জন পলাতক, দু’জন ধৃত, বিক্ষোভে চালক সমাজ
এই ঘটনার পর স্থানীয় মানুষ দু’জন মদ্যপ হামলাকারীকে ধরে পুলিশে দেয়। তবে বাকি তিনজন গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়। এখনো পর্যন্ত তারা পলাতক। ঘটনার প্রতিবাদে বরাকর ও সংলগ্ন এলাকার বাস ও অটোচালকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
চালকদের দাবি, বাকি তিন অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সাজ্জাদকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না অভিযুক্তদের ধরা হচ্ছে, ততক্ষণ আসানসোল ও ঝাড়খণ্ডগামী সব যাত্রীবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
😔 সাধারণ মানুষ চরম দুর্ভোগে
চালকদের এই ধর্মঘটে চরম সমস্যায় পড়েছেন অফিসযাত্রী, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ। বরাকর থেকে ঝাড়খণ্ড ও আসানসোলের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।













