জামুড়িয় শুক্রবার সকালে জামুড়িয়া বাজারে অবস্থিত একটি কাপড়ের দোকানে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বাজারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়, দোকানদার ও পথচারীরা দিকবিদিক ছুটতে থাকেন।
প্রশাসনের সতর্কতা, রাস্তাঘাট বন্ধ
এই দোকানটি রাস্তার উপরে অবস্থিত। আগুনের ভয়াবহতা দেখে প্রশাসন সংশ্লিষ্ট রাস্তা বন্ধ করে দিয়েছে। আশেপাশের দোকানগুলো খালি করে দেওয়া হয়েছে যাতে আগুন আর ছড়িয়ে না পড়ে।
দমকলের চেষ্টায় অবিরত যুদ্ধ, ধোঁয়ার ঘেরাটোপে উদ্ধারকাজে সমস্যা
দমকল বিভাগের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভাতে টানা চেষ্টা চলছে, তবে ঘন ধোঁয়া এবং দোকানের কাঠামো দুর্ভেদ্য হওয়ায় দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে ধোঁয়া দেখা যায়, তারপরেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দোকানের ভেতরে এখনও আগুন জ্বলছে এবং উদ্ধারকাজ জারি রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভিতরে বেশ কিছু পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
কারণ এখনো অস্পষ্ট, শর্ট সার্কিট হতে পারে অনুমান
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে, তবে সরকারি ভাবে এখনো কিছু জানানো হয়নি। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান করছেন ব্যবসায়ীরা।










